মিছিলে বিএনপি নেতা আল আমিন (গোল চিহ্নিত ব্যক্তি)। ছবি : bdnews24.com


‘ফ্যাসিস্ট’ শেখ হাসিনা সরকারের পতন এবং ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মিছিলে এসে মারা গেছেন বিএনপির এক নেতা।
মঙ্গলবার সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের পাটমহলে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দীন জানান।
মৃত আল আমিন (৪০) উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি বুরুদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।
বিএনপি নেতা জালাল উদ্দীন বলেন, আনন্দ মিছিলে অংশ নিতে সব জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা দলীয় কার্যালয়ে সামনে আসতে থাকেন। বেলা ১১টা থেকেই মিছিল আসছিল।
বুরুদিয়া ইউনিয়ন থেকেও দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে পাটমহলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আসেন। সেখানে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন।
এ সময় হঠাৎ করেই ইউনিয়ন বিএনপি নেতা আল আমিন অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিএনপি নেতা জালাল উদ্দীন বলেন, আল আমিনের মৃত্যুতে সঙ্গে সঙ্গে মিছিলের কর্মসূচি বাতিল করা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূর-এ-আলম খান বলেন, “হাসপাতালে আনার আগেই আল আমিনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমে তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।”
সূত্র : bdnews24.com