ইপিএলে ২০২৪-২৫ মৌসুমে শনিবার (১৭ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে ইপসউইচ টাউনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। দলের হয়ে জয়সূচক গোল দুটি করেছেন দিয়োগো জোটা ও মোহামেদ সালাহ।

 ২২ বছর পর প্রিমিয়ার লিগে খেলতে নেমেছিল ইপসউইচ টাউন। শুরুতেই তাদের সামনে কঠিন প্রতিপক্ষ। তাই ঘরের মাঠে ম্যাচ হলেও চাপে ছিল দলটি। ৩৮ শতাংশ সময় বল দখলে রেখে ৭টি শট নিয়ে মাত্র ২টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল তারা। আধিপত্য করে খেলা লিভারপুল ১৮টি শট নিয়ে ৫টি লক্ষ্য বরাবর রাখে।
 
যদিও ইয়ুর্গেন ক্লপ পরবর্তী নতুন কোচ আর্না স্লটের মুখে হাসি এনে দিতে বেশ সময় নেন সালাহরা। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৬০তম মিনিট পর্যন্ত। সালাহর অ্যাসিস্ট থেকে ডেডলক ভাঙেন জোটা। পরের গোলটি পেতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। পাঁচ মিনিট পরই দলের ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। তাতে তিনি নাম লেখান প্রিমিয়ার লিগের এক নতুন রেকর্ডে।
 
নিজ দলের হয়ে আসরের উদ্বোধনী ম্যাচে মিশরীয় ফরোয়ার্ডের এটি নবম গোল। ইপিএলের ইতিহাসে দলের উদ্বোধনী ম্যাচে এত সংখ্যক গোল নেই আর কোনো খেলোয়াড়ের। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে দলের হয়ে আসর শুরুর ম্যাচে তার অবদান ১৪ গোল। যে রেকর্ডটাও নিজের দখলে নিয়েছেন তিনি। ২০১৭ সালে লিভারপুলে নাম লেখানোর পর দলটির হয়ে ৩৫০তম ম্যাচ খেললেন ৩২ বছর বয়সী এ তারকা। সবমিলিয়ে দলের হয়ে গোলসংখ্যা ২১২।

 এদিকে ইপসউইচ টাউনের বিপক্ষে ২-০ গোলের জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে লিভারপুল। আগের দিন ফুলহ্যামের বিপক্ষে জয়ে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

সূত্র : www.somoynews.tv